ময়মনসিংহের গৌরীপুরে এক চা-দোকানদার মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের প্রতি বিরল ভালোবাসা ও সম্মান প্রদর্শন করছেন। সেই দোকানদারের নাম হারুন অর রশিদ (২৩) । তিনি গৌরীপুর পৌর শহরের ধান মহালে ‘হারুন টি হাউজ’ নামে চায়ের দোকান চালান। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত তার দোকানে চা পান করতে আসা মুক্তিযোদ্ধাদের চা বিল ৫০% ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
হারুন অর রশিদ বলেন, দোকানের প্রচার নয়, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন স্বরূপ নিজের সামর্থ্যরে মধ্যে কিছু করার চেষ্টা করেছি। মুক্তিযোদ্ধারা দোকানে চা পান করতে আসলে নিজেকে ধন্য মনে করব।
জানা গেছে, অভাবের তাড়নায় হারুনের পড়াশোনা বেশি দূর এগোয়নি। সংসারের হাল ধরতে ছয় বছর আগে গৌরীপুর পৌর শহরের ধান মহাল মহল্লায় ‘হারুন টি হাউজ’ নামে চায়ের দোকান খোলেন। ব্যতিক্রমী গ্রাহক সেবা দিয়ে হারুন টি হাউজ বেশ পরিচিতি লাভ করে। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে এই ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেন হারুন।