দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও মৃত্যু বেড়েছে। গত এক দিনে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩৪। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ৩০ জন পুরুষ আর নারী ১৩ জন। এদিকে এক দিনের পরিসংখ্যানে ঢাকা ও রাজশাহীতে মৃতের সংখ্যা সমান। এক দিনে ৪৩ মৃতের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, ১২ জন রাজশাহী বিভাগের, আট জন চট্টগ্রাম বিভাগের, পাঁচ জন খুলনা বিভাগের, এক জন সিলেট বিভাগের, তিন জন রংপুর বিভাগের এবং দুই জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৭ রোগী। আগের দিন ১ হাজার ৮৮৭ জনের মধ্যে করোনা ভাইরাসে সংক্রমণ ধরা পড়েছিল। শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৯ হাজার ৩১৪ জন হয়েছে। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ১ হাজার ৬৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন। ভারতে উদ্ভূত ‘ডেলটা ভ্যারিয়েন্ট’ দেশে ছড়িয়ে পড়ার মধ্যে গত এক সপ্তাহে রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে, মৃত্যুর হার বেড়েছে ২৫ শতাংশ। সাত দিনে নমুনা পরীক্ষাও ৮ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। আর সুস্থতার হার বেড়েছে ৫৭ দশমিক ৯১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫০৯টি ল্যাবে ১৩ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ২৬০টি নমুনা। শনিবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ লাখ ২ হাজার ৪০৬টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৬ লাখ ৩১ হাজার ৮৫৪টি। গত এক দিনে যারা মারা গেছেন তাদের ৩৭ জন সরকারি হাসপাতালে, পাঁচ জন বেসরকারি হাসপাতালে এবং এক জন বাড়িতে মারা যান। মৃতদের মধ্যে ২১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং পাঁচ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর, এক জনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং এক জনের বয়স ১০ বছরের কম ছিল। এ পর্যন্ত মৃত ১২ হাজার ৮০১ জনের মধ্যে ৯ হাজার ২৩১ জন পুরুষ এবং ৩ হাজার ৫৭০ জন নারী।