মোংলায় বেড়েই চলেছে করোনা সংক্রামণ। দ্রুত গতিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া স্থানীয় প্রশাসনকে সহায়তার লক্ষ্যে মাঠে নেমেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এই অবস্থায় মোংলায় আরও এক সপ্তাহ কঠোর বিধি নিষেধ বাড়ানো হয়েছে।
করোনার কঠোর বিধি নিষেধের ৭ম দিনে মোংলায় সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পৌর এলাকা জুড়ে কঠোর নজরদারি ও টহল দিতে দেখা গেছে আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্যদের।
গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৮ জনের নমুনা পরিক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনিবার মোংলা উপজেলায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দাড়িয়েছে ৭০.৮৩ ভাগ। এক সপ্তাহে ১৯৪ জনের নমুনা পরিক্ষায় পজেটিভ হয়েছে ১২৭ জন। এদিকে জেলায় সংক্রামণ হু-হু করে বেড়ে যাওয়ায় জেলা মনিটরিং কমিটির সভায় বাগেরহাটে ২১ জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা ১০ জুন পর্যন্ত নিষিদ্ধ করা করেছে।
এদিকে, গতকাল করোনায় আক্রান্ত হয়ে জেলার মোরেলগঞ্জ উপজেলার ভাষান্ডা গ্রামের বাড়িতে ওহাব শেখ (৬৬) ও শুক্রবার রাতে শরণখোলা উপজেলায় নূর ইসলাম হাওলাদার (৭০) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।
বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৪৬ জন। এর মধ্যে মোংলা উপজেলায় ৩৪, মোড়েলগঞ্জে ৫, রামপালে ৪, শরণখোলায় ২ ও ফকিরহাটে ১ জন। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৮ জন। মৃত্যু হয়েছে ৪৬ জনের। চিকিত্সাধীন রয়েছেন ২৯০ জন।