নাশকতা ও ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়েরকৃত পৃথক ছয়টি মামলায় ১৮ দিনের পুলিশ রিমান্ড শেষে হেফাজত নেতা মামুনুল হককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে শুনানি শেষে তাকে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্মমহাসচিব মামুনুল হককে। সর্বশেষ পিবিআইর রিমান্ড এবং নাশকতা ও ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়েরকৃত পৃথক ছয়টি মামলায় ১৮ দিনের পুলিশ রিমান্ড শেষে মামুনুল হককে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে শুনানি শেষে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল কথিত দ্বিতীয় স্ত্রী দাবি করা এক নারীসহ সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে অবরুদ্ধ হন মামুনুল হক। পরে হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা রির্সোটে হামলা ও ভাঙচুর চালিয়ে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যান। পরে ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয়।