চুয়াডাঙ্গায় আরো ১০ গ্রাম ‘লকডাউন’

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তঘেঁষা আরো ১০ গ্রামে ‘লকডাউন’ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ রবিবার থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছে প্রশাসন। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলা সভা কক্ষে আয়োজিত করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন লকডাউন ঘোষিত গ্রামগুলো হচ্ছে—উপজেলার             পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর, নাস্তিপুর, ঝাঁঝাঁডাঙ্গা, ছোট বলদিয়া, বড়বলদিয়া, বাড়াদি, কামারপাড়া, চাকুলিয়া, ঠাকুরপুর ও ফুলবাড়ি। এরআগে গত ২ জুন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী সাতটি গ্রামে ‘লকডাউন’ ঘোষণা করা হয়। এ নিয়ে সীমান্তবর্তী দুটি ইউনিয়নের মোট ১৭টি গ্রাম ‘লকডাউনে’র আওতায় আসল।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মনছুর বাবু। এছাড়া সভায় উপজেলা পর্যায়ের সব জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এমপি আলী আজগর টগর বলেন, উপজেলার সীমান্তবর্তী এলাকায় করোনার সংক্রমণ বাড়ছে। ঝুঁকিপূর্ণ এলাকার চায়ের দোকানগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হবে। ‘লকডাউনে’র আওতাধীন গ্রামবাসীদের নগদ ও খাদ্য সহায়তা দেওয়া হবে।