গৃহশ্রমিকদের ওপর সহিংসতা বন্ধ, আইনি সুরক্ষাসহ নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ট্রেড ইউনিয়ন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, ক্ষতিগ্রস্ত গৃহশ্রমিকদের সুচিকিত্সা ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্ ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বক্তারা বলেন, গত কয়েক দিনে মহাখালীতে সরকারি কোয়ার্টারে আমেনা খাতুন (১১) এবং চট্টগ্রামের হামজারবাগে নিলুফার বেগম (১৫) নামের দুই গৃহশ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন। বক্তারা আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন করাসহ ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ বাস্তবায়ন, শ্রম আইনে গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করাসহ কয়েকটি দাবি জানান।
গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশরনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ফিরোজ হোসাইন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্যসচিব ও বিলস্ পরিচালক নাজমা ইয়াসমীন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক শাহিদা পারভীন শিখা, জাতীয় শ্রমিক লীগের নারীবিষয়ক সম্পাদক প্রমীলা পোদ্দার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লুত্ফুন্নাহার লতা, জাতীয় শ্রমিক জোটের হেনা চৌধুরী, জাতীয় শ্রমিক ফেডারেশনের আরিফা আক্তার প্রমুখ।