করোনাকালে অনেক টাকা ব্যয়ে জৈব সুরক্ষাবলয় তৈরি করে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট টি-টুয়েন্টি লিগ আয়োজন করেছে বিসিবি। ১২টি ক্লাবের ক্রিকেটারদের রাখা হয়েছে অভিজাত হোটেলে। গত শুক্রবার মোহামেডানের অনুশীলনে ভেঙে গেছে সুরক্ষাবলয়। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবি।
ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে সংস্থাটি। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বিষয়টি নিয়ে মিটিং করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিসিডিএম) ও বিসিবির কর্তারা।
মিটিং শেষে সিসিডিএমের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম বলেছেন, ‘এমন ঘটনায় আমরা হতাশ। সিসিডিএম এবং বিসিবি বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। দল, ক্রিকেটার ও অফিশিয়ালদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। জৈব সুরক্ষাবলয় নিশ্চিত করতে আমাদের বড় পরিমাণে অর্থ ও শ্রম ব্যয় করতে হয়েছে।’
জানা গেছে, শুক্রবার মিরপুর স্টেডিয়ামের ইনডোরের নেটে ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। নেটে তাকে বোলিং করেছেন দুই সতীর্থ আসিফ হাসান ও রুয়েল মিয়া। সঙ্গে বাইরের দুই জন নেট বোলার ব্যবহার করা হয়েছে। যারা সুরক্ষাবলয়ে অংশ নন। তাদের মধ্যে এক জন নাকি ফোনে সাকিবের সঙ্গে ছবিও তুলেছেন।