গাজীপুর মহানগরীতে ১০ লাখ চারা রোপণ করা হবে —মেয়র জাহাঙ্গীর

গাজীপুর মহানগরীর ৫৭ ওয়ার্ডে বৃক্ষ রোপণের জন্য মহানগর কৃষক লীগকে ১০ লাখ চারা দেবেন বলে জানিয়েছেন গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। গতকাল শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মহানগর কৃষক লীগের নেতাকর্মীদের সঙ্গে মেয়র জাহাঙ্গীর আলমের বাসভবনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মেয়র আরো বলেন, আমাদের পরিবেশ বাঁচাতে হলে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। গাজীপুর সিটিকে বাসযোগ্য, পরিবেশবান্ধব ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার জন্য নগরীর প্রতিটি ওয়ার্ডে বৃক্ষ রোপণ করা হবে। আর এজন্য নগরীতে ১০ লাখ ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

মতবিনিময় সভায় মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুর ইসলাম চৌধুরী, মহানগর কৃষক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিল আ. কাদির মণ্ডল, আওয়ামী লীগ নেতা আদম আলী, আ. কাদের, কৃষক লীগ নেতা আসাদুজ্জামান তরুন, লিটন মিয়া, আ. সামাদ মাস্টার, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।