‘আমি শেখ মুজিব’ এর বিশ্ব প্রকাশনা উত্সব কাল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা আনিসুর রহমানের এপিক মনোলগের ইংরেজি সংস্করণের প্রকাশনা উত্সব একযোগে বাংলাদেশ, কেনিয়া, সুইডেন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনষ্ঠিত হবে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানটি ঢাকাস্থ গুলশান ক্লাবে দেখার ব্যবস্থা থাকছে। বাংলাদেশ থেকে এ আয়োজনে সার্বিক পৃষ্ঠপোষকতা করছেন বিজিএমইএর সাবেক সহসভাপতি মশিউল আজম সজল। গুলশান ক্লাবে এ অনুষ্ঠানে প্যানেলে অংশ নিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, চিত্রশিল্পী রফিকুন নবী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, তথ্য সচিব মো. মকবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, বাংলাদেশ বস্ত্রকল সমিতির সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং মো. মশিউল আজম সজল। কেনিয়া থেকে যোগ দেবেন কিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্রিস্টোফার ওকেমওয়া, সুইডেন থেকে কবি ও প্রকাশক ক্রিস্টিয়ান কার্লসন, কবি লার্স হ্যাগার, যুক্তরাজ্য থেকে এপিক মনোলগটির সম্পাদক ডমিনিক উইলিয়ামস, মেলানি পেরি এবং নিউ ইয়র্ক থেকে কাথেরিন ফ্লেচার। বইটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ড্রাকোপিস প্রেস লন্ডন, নিউ ইয়র্ক এবং তালিন থেকে একযোগে প্রকাশ করেছে। বইটি আমাজনসহ অন্যান্য অনলাইন মাধ্যমে সারা দুনিয়া জুড়ে বিপণনের ব্যবস্থা রয়েছে। এপিক মনোলগটি ইংরেজি ছাড়াও সুইডিশ, নেপালি, সুয়াহিলি, ফার্সি, জর্জিয়ান, রাশিয়ান, স্প্যানিশসহ ১০টির অধিক ভাষায় অনূদিত হয়েছে। সুইডেনের স্মক্কাডল থেকে বইটির সুইডিশ সংস্করণ প্রকাশিত হয় গত বছর। এই সংস্করণের প্রচ্ছদে ব্যবহূত বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন চিত্রশিল্পী নিসার হোসেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যন্ত জনপদ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে কীভাবে ধাপে ধাপে বাঙালির জাতিরাষ্ট্রের স্থপতি হলেন, দেশ ও দেশের মানুষকে মুক্তির পথ দেখালেন, তার অনেকটাই নানাভাবে উঠে এসেছে এ বইটিতে। —প্রেস বিজ্ঞপ্তি