২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জবাবদিহিহীন এবং কতিপয় লুটেরা-দুর্নীতিবাজের স্বার্থের বাজেট বলে মনে করছে গণসংহতি আন্দোলন। সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গতকাল হাতিরপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মানুষের দুর্দশাকে পুঁজি করে দুর্নীতি, লুটপাট করার সব পথ যেন বন্ধ থাকে, সেরকম বাজেটই জনগণের প্রত্যাশা। আর সে জন্য দরকার বর্তমান রাষ্ট্রব্যবস্থার একটি গণতান্ত্রিক রূপান্তর। আমরা রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তরে লড়াই চালিয়ে যাব।’
জোনায়েদ সাকি বলেন, স্বাস্থ্য খাতে এবারও থোক বরাদ্দ দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে, সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। স্বাস্থ্য খাতের কোন কোন বিষয়ে তারা অগ্রাধিকার দেবে, তা সুনির্দিষ্ট না থাকার ফলে ব্যয় কীভাবে হবে তারও সুনির্দিষ্ট নির্দেশনা থাকে না। ফলে বিভিন্ন ক্রয় খাত থাকে, সেখানে বিভিন্ন লবিস্ট গ্রুপ প্রকল্প নিয়ে হাজির হয় এবং তাতে দুর্নীতির নহর বয়ে যায়। তিনি বলেন, মহামারি ও দুর্যোগের মধ্যে সরকারের যে নীতি থাকা দরকার, অপ্রয়োজনীয় ও অনুত্পাদনশীল ব্যয় কমানো, অন্যদিকে বিনিয়োগ অর্থাত্ যে বিনিয়োগে জনগণের হাতে টাকা পৌঁছাবে, সেটির পরিকল্পনা থাকা দরকার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু প্রমুখ।