মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নিহত অন্তত ২০

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে ‍অন্তত ২০ জন নিহত হয়েছে। এইয়ারওয়াদি নদীর ব-দ্বীপ অঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যম ও বাসিন্দারা জানিয়েছেন। সেনা সদস্যরা অস্ত্রের খোঁজে তল্লাশি শুরুর পর গ্রামবাসীরা গুলতি ও তীর-ধনুক নিয়ে প্রতিরোধ গড়ে তুললে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। রয়টার্স জানিয়েছে, দেশটির প্রধান শহর ইয়াংগন থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর পশ্চিমে শনিবার ভোরের আগে থেকে সংঘর্ষ শুরু হয়। গ্রামবাসীরা শুধুমাত্র তীর হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে অনেক গ্রামবাসী আহত হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে, অস্ত্র উদ্ধারের নামে সৈন্যরা গ্রামবাসীদের লাঞ্ছিত করলে তারা গুলতি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উত্খাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর চার মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো জান্তা বাহিনী দেশটির পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি। অভ্যুত্থানের পর থেকে এইয়ারওয়াদি অঞ্চলে সংঘটিত সবচেয়ে সহিংস ঘটনাগুলোর একটি। মিয়ানমারে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৮৪৫ বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে।