উত্তেজনা ছড়িয়ে দিয়ে পিওকে নির্বাচন পেছানোর চেষ্টায় পিটিআই

পাকিস্তান অধিকৃত কাশ্মিরের (পিওকে) নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অঞ্চলটিতে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের বিরুদ্ধে। অঞ্চলটির এক মন্ত্রীর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।

এক অনুষ্ঠানে পিওকে মন্ত্রী চৌধুরী তারিক ফারুক বলেন, পূর্বে করোনা মহামারির অজুহাত দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পিটিআই। আর এখন তারা মানুষের আবেগকে উস্কে দিয়ে এবং রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে এই লক্ষ্য অর্জন করতে চায়।

পাকিস্তান কর্তৃপক্ষ পিওকের নির্বাচন স্থগিতের সুপারিশ করেছে। যাইহোক, বিরোধী দল এটির বিরোধীতা করেছে। তারা বলছে, নির্বাচন কোনোভাবে পেছানো যাবে না।

এদিকে, আসন্ন পিওকে নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করার পরামর্শ দিয়েছে পাকিস্তানের কোভিড-১৯ পর্যবেক্ষণ কমিটি জাতীয় কমান্ড এবং অপারেশন সেন্টার (এনসিওসি)।

অঞ্চলটির প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে এনসিওসি বলেছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এমতাবস্থায় নির্বাচনের আয়োজন করলে মানুষের গণ জমায়েতের কারণে ভাইরাসটি পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। তাই নির্বাচন পেছানো উচিত।

পিওকে প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার অভিযোগ করে বলেন, পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার এই নির্বাচনে নিজেদের পছন্দমতো ফলাফল অর্জন করতে চায়। প্রধানমন্ত্রী ইমরান খান যে পদক্ষেপই নেক না কেনো পিওকে কখনো প্রদেশ হবে না।

বাহিরের আগ্রাসন আসলেই কেবল নির্বাচন স্থগিত করা যাবে, যোগ করেন তিনি।

ইত্তেফাক/টিএ