২০১৭ সাল থেকে ‘মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল’ আয়োজন করে আসছে প্রবাসী বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা ও কর্মীদের চলচ্চিত্র বিষয়ক সংগঠন টরন্টো ফিল্ম ফোরাম। তারই ধারাবাহিকতায় চার দিনব্যাপী চতুর্থ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।
গত শুক্রবার সংবাদ সম্মেলনে (জুম) সংগঠনটির সভাপতি এনায়েত করিম বাবুল বিষয়টি জানান। তিনি বলেন, আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কানাডায় বসবাসরত বিভিন্ন ভাষা ও জাতিগোষ্ঠীর চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র ছাড়াও বাংলাদেশের উল্লেখযোগ্য স্বাধীন এবং বিকল্পধারার চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র এ ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে।
এনায়েত করিম বাবুল আরও জানান, ২০১৭ সালের পর থেকে পরপর তিন বছর এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলেও করোনার কারণে ২০২০ সালে এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। করোনার বর্তমান পরিস্থিতির কারণে এ বছর অনলাইনে ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। অনলাইনে এ ফেস্টিভ্যাল হলেও টরন্টোর কোন এক জায়গায় স্বাস্থ্যবিধি মেনে কানাডার কোন সম্মানিত চলচ্চিত্র ব্যক্তির দ্বারা এ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হবে। ফেস্টিভ্যালের চলচ্চিত্র দেখার জন্য পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কেউ বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এনায়েত করিমের কথায়, এবারের ফেস্টিভ্যালে পূর্ণদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র দেখানো হবে।
এবারের ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারে মত তিন ধারার সেরা চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে। সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ফেস্টিভ্যালে চলচ্চিত্র জমা দেওয়ার জন্য বিভিন্ন ভাষা ও জাতির চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করা হবে। সেপ্টেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত চলচ্চিত্র জমা নেওয়া হবে।
ইত্তেফাক/বিএএফ