ফল

তালের শাঁস

 

গ্রীষ্মের তাপদাহে সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার কচি তালের শাঁস। বৈশাখ মাস এলেই কৃষকের কাছ থেকে ব্যবসায়ীরা তালগাছ চুক্তিতে কিনে নেন। সাধারণত জ্যৈষ্ঠ মাসে তালে শাঁস পরিপূর্ণ হতে থাকে। গাছভেদে আগে পরে শাঁস পরিপক্ব হয়। তবে শাঁস একটু নরম অবস্থায় খেলেই বেশি স্বাদ পাওয়া যায়। নরম তালের শাঁস শরীরে পানির চাহিদা ও ক্যালসিয়ামের অভাব পূরণ করে। কচি তাল গাছ থেকে নামানো হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে। একজন লোক বাঁশ দিয়ে তালগাছে উঠে তালের কাঁদিগুলো দড়ি বেঁধে নিচে নামিয়ে দেন। নিচে থাকা একজন লোক দড়ি খুলে দেন। এভাবে গাছ থেকে কচি তাল নামানো হয়।

পিচ হিসাবে বিক্রি করা হয়। বিক্রেতা কচি তালের পাশে দা নিয়ে বসে থাকেন। বিক্রি করা তাল মুহূর্তে কেটে শাঁস বের করে ক্রেতার হাতে তুলে দেন। জানা যায়, গাছ থেকে তাল পিচ প্রতি কেনা পড়ে দুই থেকে তিন টাকা। বাজারে খুচরা পর্যায়ে বিক্রি হয় ১৫ টাকা থেকে ২০ টাকা। তালের প্রতিটি শাঁসকে বলা হয় চোখ। একটি তালের চোখ পাঁচ টাকা। সে হিসাবে যে তালে দুটি চোখ থাকে সেটা বিক্রি হয় ১০ টাকা। তিনটি হলে ১৫ টাকা আর চারটি হলে ২০ টাকা।

কামরুজ্জামান