‘এমন ভালো গল্পের অপেক্ষায় থাকি’

বিনোদন রিপোর্ট

ইন্ডাস্ট্রিতে শক্ত একটা অবস্থান তৈরি করতে দীর্ঘদিন ধরেই নিজের মতো করে কাজ করে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এরইমধ্যে ব্যবসা সফলতার পাশাপাশি তার বেশকিছু চলচ্চিত্র দর্শকমহলে দারুণ প্রশংসিতও হয়েছে। সেই তালিকায় রয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ও সাইমন-মাহী অভিনীত ‘পোড়ামন’ ছবিটি। ২০১৩ সালে পুক্তি পাওয়া এই ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেন সাইমন-মাহী। ছবিটি ব্যবসাসফলের পাশাপাশি এই জুটিকেও দারুণভাবে গ্রহণ করেন দর্শকরা। তবে এরপর নির্মাতা রাজুর নির্দেশনায় আর দেখা যায়নি তাদের। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রায় ৮ বছর পর নিজের হিট ছবির এই জুটিকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। জানা গেছে, সাইমন-মাহীকে নিয়ে ‘আর্তনাদ’ শিরোনামের একটি ছবি নির্মাণ করতে যাচ্ছে তিনি। জাকির হোসেন রাজু বলেন, ‘প্রায় ৮ বছর পর আমরা আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এটি অবশ্যই ভালোলাগার একটি বিষয়। দীর্ঘ এই সময়ে সাইমন-মাহী আরো পরিণত হয়েছে। আশা করছি আর্তনাদ দর্শককে মুগ্ধ করবে। সাইমন সাদিক বলেন, ‘রাজু ভাইয়ের মতো নির্মাতার সঙ্গে কাজ করা মানেই ভিন্ন এক চমক। নতুন অভিজ্ঞতা অর্জন। সেটা পোড়ামন ছবিটির সাফল্য প্রমাণ করেছে। আশা করি পোড়ামনের মতো এ ছবিতেও আমি ও মাহী ওস্তাদকে কাজ দিয়ে সন্তুষ্ঠ করতে পারবো। পাশাপাশি দর্শকদের তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো।’ আবারো সাইমনের সঙ্গে অভিনয় ও ছবিটির গল্প প্রসঙ্গে মাহিয় মাহী বলেন, ‘এমন ভালো গল্পের অপেক্ষায় থাকি। দীর্ঘদিন পর প্রত্যাশিত একটি গল্প পেয়েছি। সিনেমার এই সংকটের মাঝে ভালো একটি কাজ যোগ হতে যাচ্ছে। আশা করছি, আমাদের এই জুটিকেও দর্শকরা আগের মতো গ্রহণ করবেন।’