নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন নেই

কুমিল্লা জেলার প্রাচীন উপজেলা নাঙ্গলকোট। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, প্রাচীন ও জনবহুল এই উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নেই। ফলে স্বল্প থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে জানমালের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। গত ৩০ মে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি দোকান দেড় ঘণ্টারও বেশি সময়ে পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় জনগণের অপ্রাণ চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। ততক্ষণে প্রায় ৯৫ শতাংশ মালামাল পুড়ে গিয়েছিল। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছিল নাঙ্গলকোটের আকাশ। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে অবিলম্বে এখানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন একমাত্র দাবি। ফায়ার সার্ভিস স্টেশনের অভাবে এলাকায় মানুষ উত্কণ্ঠায় দিন পার করছে। জনজীবনে স্বস্তি আনতে সংশ্লি­ষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর আবেদন জানাই।

তানভীর আহমেদ রাসেল

তুগুরিয়া, নাঙ্গলকোট, কুমিল্লা