বিকেএসপিতে ফিরছে প্রিমিয়ার লিগ ভক্ত ঢুকে পড়ায় মোহামেডানও অবাক

স্পোর্টস রিপোর্টার

বায়ো-বাবল তথা জৈব সুরক্ষা বলয় ভাঙার ঘটনায় মোহামেডান ক্লাবকে চিঠি দিচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মোহামেডানের জবাব পাওয়ার পরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন গতকাল বলেছেন, মোহামেডানকে চিঠি দেওয়া হবে। তাদের বক্তব্য জানা হবে। তারপর বিসিবি সিদ্ধান্ত নিবে। বিসিবি সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত সুরক্ষা বলয় ভাঙার কারণ জানতে চেয়ে এখনো মোহামেডানকে চিঠি পাঠানো হয়নি। আজ চিঠি পাঠানো হবে।

গত শুক্রবার (৪ জুন) সাকিব আল হাসানের অনুশীলনে ভেঙেছে সুরক্ষা বলয়। দুই সতীর্থ বোলারের পাশাপাশি নিজের একাডেমির দুজন নেট বোলার ব্যবহার করেছেন তিনি। যারা সুরক্ষা বলয়ের অংশ নন। এমনকি তার অনুশীলনে ঢুকে পড়েছিল এক ভক্তও। যিনি ছবিও তুলেছেন। যেটি নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবি। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম।

মোহামেডানের এক কর্মকর্তা গতকাল নিশ্চিত করেছেন, তারা এখনো সিসিডিএমের কোনো চিঠি পাননি। তিনি বলেছেন, সাকিব যে দুজন নেট বোলার ব্যবহার করেছেন তারা করোনা নেগেটিভ রিপোর্ট নিয়েই মিরপুরের ইনডোরে বোলিং করেছেন। কিন্তু সেখানে কীভাবে একজন ভক্ত ইনডোরে ঢুকে পড়েছেন, তা নিয়ে বিস্মিত মোহামেডান। এটিকে নিরাপত্তার ঘাটতি বলেই মনে করে ক্লাবটি। ঐ কর্মকর্তা বলেন, আমরা এক ভক্তের দায়-দায়িত্ব নিতে পারব না। আমরা দেখেছি যে, সাকিবের থেকে দূরত্ব বজায় রেখেছিল। কিন্তু ইনডোরে তার ঢুকে পড়ায় আমরাও অবাক। এদিকে আজ থেকে আবারও বিকেএসপিতে ফিরছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট টি-২০ লিগের ম্যাচ। আজ লিগের চতুর্থ রাউন্ডে বিকেএসপির ৩ ও ৪ নম্বর ভেন্যুতে দুটি করে চারটি, মিরপুরে দুটি ম্যাচসহ মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি মাঠেই সকাল ৯টায় ও দুপুর দেড় টায় ম্যাচ শুরু হবে।