চুক্তি স্বাক্ষর করেননি লঙ্কান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কেন্দ্রীয় চুক্তির নতুন কাঠামোতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির জাতীয় দলের ক্রিকেটাররা। যেখানে ক্রিকেটারদের বেতন কমিয়ে ফেলা হয়েছে। যদিও চলতি মাসে ইংল্যান্ড সফরে অংশ নিবেন বলে বোর্ডকে জানিয়ে দিয়েছেন তারা। ক্রিকেটারদের পক্ষ থেকে নিয়োগকৃত আইনজীবী নিশান প্রেমাতিরত্নে এ সম্পর্কে জানিয়েছেন, এসএলসি পারফরম্যান্সভিত্তিক নতুন যে পে-স্কিম ঘোষণা করা হয়েছে তাতে সম্মত নন খেলোয়াড়রা। পে-স্কিম তৈরি করা প্যানেলের সদস্যদের মধ্যে নতুন করে নিয়োগ পাওয়া সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডিও রয়েছেন। প্রেমাতিরত্নে বলেছেন, ‘বেতন সংক্রান্ত বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত খেলোয়াড়রা বার্ষিক ও সফর সংক্রান্ত সব চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন।’ এসএলসি চুক্তি স্বাক্ষরের ডেডলাইন ৩ জুন থেকে বাড়িয়ে গতকাল পর্যন্ত করেছিল। ক্রিকেটারদের পক্ষ থেকে আরো বলা হয়, আসন্ন ইংল্যান্ড সফরে চুক্তির বাইরে থেকে খেলোয়াড়রা খেলবেন। ইংল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।নতুন প্রস্তাবনা অনুযায়ী ২৪ জন খেলোয়াড়কে জাতীয় দলের বার্ষিক চুক্তির আওতায় আনা হয়েছে। যাদের মধ্যে অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা ও উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা সর্বোচ্চ ১ লাখ ডলার করে পাবেন। এই দুই জনও অবশ্য নতুন এই বেতন কাঠামো গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। নতুন কাঠামোতে অ্যাঞ্জেলো ম্যাথুস ও বর্তমান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এর মধ্যে ম্যাথুসের বার্ষিক বেতন ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার থেকে কমে ৮০ হাজার ডলারে নেমেছে।