স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী শহরের পাঁচটি পয়েন্টে পথচারীদের করোনার র্যানডম টেস্টের (র্যাপিড টেস্ট) জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার ও রাজশাহী মেট্রেপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা সাহেববাজার জিরোপয়েন্ট, তালাইমারী মোড়, হরগ্রাম বাজার, লক্ষ্মীপুর ও সিএন্ডবি মোড়ে দুপুর ২টা পর্যন্ত নমুনা সংগ্রহ শুরু করেন। প্রতিটি পয়েন্টে কমপক্ষে ২০০ মানুষের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।
রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, এই মহানগরীতে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার সম্পর্কে ধারণা লাভের উদ্দেশ্যে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে করোনার র্যাপিড টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী দিনে করোনা প্রতিরোধে নগরীতে প্রয়োজনীয় কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা এই টেস্টের ওপর অনেকাংশে নির্ভর করছে। অর্থাত্ নগরীতে করোনার কমিউনিটি ট্রান্সমিশন (সামাজিক সংক্রমণ) সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।