১৬৬ বস্তা ধানসহ গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কসবায় ১৬৬ বস্তা ধানসহ কাঠেরপুল গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ও সৈকত নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। অন্য জেলা থেকে ১৬৬ বস্তা ধান এনে কুটি ইউনিয়নের কাঠেরপুল খাদ্যগুদামে সংরক্ষণ করায় শনিবার বিকালে তাদের আটক করা হয়। এ সময় ট্রাকসহ মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় কুটি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. উজ্জল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভুঁইয়া বলেন, অবৈধভাবে ধান সংগ্রহ করায় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চালকসহ কয়েক জনকে আসামি করে কসবার কুটি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. উজ্জল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটককৃতদের রবিবার জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি দুদকে হস্তান্তর করা হবে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, লটারির মাধ্যমে নির্ধারণ করা কৃষকদের কাছ থেকেই ধান কিনতে হবে। এক উপজেলার ধান অন্য উপজেলা থেকে সংগ্রহ করা যাবে না। নিয়ম না মেনে অন্য উপজেলা থেকে ধান এনে গুদামজাত করার সময় ট্রাকটি আটক করা হয়।