গৌরারং জমিদারবাড়ি আজও হয়নি প্রত্নতাত্ত্বিক জাদুঘর!

সিলেট অফিস ও সুনামগঞ্জ প্রতিনিধি

দুই বছর আগে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী গৌরারং জমিদারবাড়িকে প্রত্নতাত্ত্বিক জাদুঘর করার উদ্যোগ নেওয়া হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর আব্দুজ জহুর সেতু পার হয়ে সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের তিন কিলোমিটার যেতেই ২০০ বছরের পুরোনো এই জমিদারবাড়ি। গৌরারং জমিদারবাড়ির অত্যাধুনিক স্থাপত্যশৈলীতে রয়েছে ছয়টি আলাদা ভবন, রংমহলের দেওয়ালে নর-নারী লতাপাতার ছবি, অন্দর মহল, সিংহাসন ও জলসা ঘর। বাড়িটি দেখতে পর্যটরা ভিড় করেন। ঐ বাড়ি ঘিরে এলাকাটি অনেকটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এদিকে ২০১৯ সালের ১৫ মে পুরোনো দৃষ্টিনন্দন এই বাড়ির জরিপ কাজ উদ্বোধন করে জেলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনার জরিপের সূচনা করা হয়। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।