বঙ্গবন্ধুর পলাতক চার খুনির মুক্তিযুদ্ধের বিশেষ খেতাব বাতিল করা হয়েছে। গতকাল রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রথিন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এ খেতাব বাতিল করা হয়। এর আগে গত ২ জুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী খেতাব বাতিলের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা গেজেট আকারে প্রকাশ করা হলো।
যেসব খুনির খেতাব বাতিল করা হলো তারা হলেন—শরিফুল হক ডালিম বীর উত্তম, নূর চৌধুরী বীরবিক্রম, রাশেদ চৌধুরী বীর প্রতীক ও মোসলেহ উদ্দিন বীর প্রতীক। প্রসঙ্গত, জামুকা বঙ্গবন্ধুর এ চার খুনির মুক্তিযুদ্ধের সনদ বাতিল ও সব সরকারি সুযোগ-সুবিধা এবং লাল মুক্তিবার্তাসহ অন্যান্য স্থানে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের যে স্বীকৃতি রয়েছে তা-ও প্রত্যাহারের সুপারিশ করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শুধু খেতাব বাতিলে সায় দিয়েছেন।
১৯৭৩ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশাসনিক আদেশ দিয়ে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিশেষ খেতাবে ভূষিত করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিদায়ি সচিব তপন কুমার ঘোষ ইত্তেফাককে বলেন, কারো খেতাব বাতিল করা বা দেওয়া ইত্যাদি যে পর্যায় থেকে করা হয় সে পর্যায়ের কর্তৃপক্ষ এ বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। ‘ন্যায্য কারণে’ প্রয়োজন হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।