বরিশালে বিসিসির ৪র্থ শিল্প বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

বরিশাল অফিস

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ৪র্থ শিল্প বিপ্লববিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় নগরীর বিএম কলেজ রোডস্থ বিসিসির আঞ্চলিক কার্যালয়ে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৬৫ শতাংশ কর্মক্ষম ব্যক্তির মধ্যে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ জিডিপিতে (মোট দেশজ উত্পাদন) অবদান রাখতে পারছে না। মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্র উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। আমাদের দেশের কর্মক্ষম বেকারদের যদি তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে গড়ে তোলা যায়, তবে ৪র্থ শিল্প বিপ্লবের এ মোহনায় নিজেদের ভাগ্য উন্নয়ন করা সম্ভব। বর্তমান সময়ে কর্মক্ষেত্র মূলত তথ্যপ্রযুক্তি কেন্দ্রিক হয়ে উঠছে। তাই এই খাতে দক্ষ মানুষদের চাহিদা চাকরির বাজারে বৃদ্ধি পাচ্ছে। আসন্ন ৪র্থ শিল্প বিপ্লবের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে চাইলে তথ্যপ্রযুক্তিগত জ্ঞান আহরণের কোনো বিকল্প নেই।

বিসিসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সেন্টার ইনচার্জ মো. জসিমের সভাপতিত্বে অনলাইনে যুক্ত ছিলেন প্রধান অতিথি বিসিসি সদস্য (অতিরিক্ত সচিব) রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, মুখ্য আলোচক ছিলেন বিসিসি পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) এনামুল কবির, আলোচক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসআইসি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মাসুদ প্রমুখ।