আল-কায়েদা প্রধান জাওয়াহিরি সম্ভবত বেঁচে আছেন জাতিসংঘের রিপোর্ট

খবর বেরিয়েছিল, আলকায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি অসুস্থতার কারণে মারা গেছেন। তবে সেটি নিশ্চিত করে কোনো মিডিয়াই জানাতে পারেনি। এবার তার মৃত্যুর সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে জাতিসংঘ এক রিপোর্টে জানিয়েছে, জাওয়াহিরি সম্ভবত বেঁচে আছেন। খবর ইন্ডিয়া টুডের

গত শুক্রবার উপস্থাপন করা জাতিসংঘের রিপোর্টে দাবি করা হয়েছে, তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছে জঙ্গিগোষ্ঠী আলকায়েদার। তবে এখনই বড় কোনো নাশকতা চালানোর পরিকল্পনা তাদের নেই বলেও রিপোর্টে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মনিটরিং টিমের দাবি, আয়মান আল-জওয়াহিরি অসুস্থ হলেও জীবিত আছেন। শারীরিকভাবে ব্যাপক দুর্বল। তাই আল-কায়েদার নীতি তৈরি বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার তেমন ভূমিকা থাকছে না। তবে বহালতবিয়তে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় আছেন আলকায়েদার প্রধান। রিপোর্টে জাতিসংঘ দাবি করেছে, আফগান-পাকিস্তান সীমান্ত এবং আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আলকায়েদার সন্ত্রাসবাদীরা। একই এলাকায় ঘাঁটি আছে তালেবানসহ একাধিক বিদেশি জঙ্গিগোষ্ঠীর।

আফগানিস্তানের ঐ অঞ্চলে তাদের ঘাঁটি বেশ নিরাপদ বলেই মনে করছে আলকায়েদা। তা যাতে হাতছাড়া না হয়ে যায়, সেদিকেই বিশেষ নজর তাদের, যে কারণে আন্তর্জাতিক পর্যায়ে এখন বড় কোনো নাশকতার ছক কষা নিয়ে ধীরে চলো নীতিতে আছে জঙ্গিগোষ্ঠীটি। পর্যবেক্ষকদের সমীক্ষায় এ তত্ত্বই জোরালো হয়েছে বলে দাবি রিপোর্টের।