শিগিগরই চলচ্চিত্রে ফিরবে স্বর্ণযুগ :তথ্যমন্ত্রী

 ‘চলচ্চিত্র শিল্পে শিগিগরই স্বর্ণযুগ ফিরে আসবে’—এ প্রত্যয় ব্যক্ত করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে এ দেশে যে শিল্পের যাত্রা শুরু, সেই চলচ্চিত্র যাতে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে মানুষকে প্রত্যয়ী ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’ গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সংগঠনের পক্ষে সূচনা বক্তব্য দেন।

চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি ছটকু আহমেদ, মহাসচিব শাহীন সুমন, উপমহাসচিব কবিরুল ইসলাম রানা, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব নোমান রবিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব শাহীন কবির টুটুল, নির্বাহী সদস্য জাকির হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মণি সভায় অংশ নেন।

এ সময় বিএনপির বাজেট প্রতিক্রিয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘গত ১২ বছর ধরে বাজেটের পরপরই তাদের একই ধরনের সমালোচনা ও মন্তব্য দেখে আসছি। বিএনপিকে আমি প্রশ্ন রাখতে চাই যে, ১২ বছরে দেশটা কীভাবে এগিয়ে গেল? ১২ বছর আগে আমাদের বাজেটের আকার ছিল ৮৮ হাজার কোটি টাকা, এখন সেখান থেকে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, ৭ গুণের বেশি, এটি কীভাবে সম্ভবপর হলো?’ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান-উল-আল, খাদিজা বেগমসহ কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।