কোভিডকে নিয়ে সরকার প্রথম থেকেই ব্যবসা করেছে :ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার করোনা ভাইরাস নিয়ে ব্যবসা করতে চায়। এই কোভিডকে নিয়ে তারা প্রথম থেকেই ব্যবসা শুরু করেছে। তাদের উপদেষ্টা সাহেবের কথায় অগ্রিম টাকা দিয়ে তিন কোটি টিকা আনবে। এখন দেড় কোটি টিকাও পায়নি। রাশিয়া ও চীনের টিকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, কিছু জন্তু আছে পানি খায় ঘোলা করে। চীন যখন এসে বলল, আমার সঙ্গে চুক্তি করো, তারা করল না। রাশিয়া এসে বলল, আমি দেব, চুক্তি করো। করল না। এখন চীন আর রাশিয়ার কাছে গিয়ে ধর্না দিচ্ছে। চীন বলছে, মিথ্যা কথা বলেন কেন? আপনাদের সঙ্গে তো কোনো চুক্তিই হয়নি। এটাকে কী বলবেন? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজের উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় আলোচনা সভায় গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ৬ কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে। তাদের জন্য তো বাজেটে কিচ্ছু করেনি। আমরা বার বার বলেছিলাম, ১৫ হাজার টাকা করে তিন মাসের জন্য এই মানুষগুলোকে দেওয়ার ব্যবস্থা করেন। অর্থনীতিকে যদি আপনি সচল করতে চান মানুষের পকেটে টাকা আসতে হবে।