মৌলভীবাজারে অপহরণের ৫৫ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার

মৌলভীবাজারে পুলিশ, ডিবি ও র‌্যাবের যৌথ অভিযানে অপহরণের ৫৫ ঘণ্টার মধ্যে এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। এ সময় গভীর জঙ্গল থেকে ২ অপহরণকারী সহ ৩ জনকে আটক করা হয়।

গত ৪ জুন সন্ধ্যায় ব্যবসায়ী শশাঙ্ক কুমার দত্ত (৫৮) তার নিজবাড়ী বড়লেখা হতে একটি সিএনজি চালিত অটো রিক্সা যোগে সিলেটে যাওয়ার পথে বিয়ানীবাজার মোল্লাপুর এলাকায় পৌঁছালে অপহরণকারী চক্র সেই অটো রিকসার গতিরোধ করে ব্যবসায়ী শশাঙ্ককে একটি মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সোমবার ( ৭ জুন) দুপরে এক সংবাদ সম্মেলনে জানান, অপহরণকারী চক্র শশাঙ্ক কুমার দত্তকে অজ্ঞাত স্থানে রেখে বিভিন্ন ভিওআইপি নাম্বার হতে তার ছোট ভাই সুবোধ কুমার দত্তের মোবাইলে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ছোট ভাই এ বিষয়ে থানায় আইনগত সহায়তা চাওয়ার পরপরই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করে ৭ জুন মধ্য রাতে বড়লেখার বাহাদুরপুর চা-বাগানের গভীর জঙ্গল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ২ অপহরণকারী সহ ৩ জনকে আটক করা হয়। 

আটক অপহরণকারীরা হলো  ইসমাইল আহমেদ হারুন (১৯), জুলমান আহমেদ (৩২,  সবুজ হোসেন (৩০)। তাদের প্রত্যেকের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বোবারথল (ষাটঘড়ি)। 

মৌলভীবাজারের পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া নেতৃত্বে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সাদেক কাউছার দস্তগীর, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথসহ বড়লেখা থানার অফিসার ফোর্স এবং জেলা গোয়েন্দা টিম ও র‌্যাবের একটি দল।

ইত্তেফাক/এসআই