বর্তমান কাজ প্রসঙ্গে জানতে চাই—
করোনার কারণে তেমন কোনো কাজ করছি না। তাছাড়া আমি এমনিতেও কাজ কম করছি। তবে সামনে পরিস্থিতি ভালো হলে এবং কাজের সুযোগ সেভাবে পেলে কিছু কাজ করবো।
মঞ্চনাটকের প্রতি দর্শক আগ্রহ দিনদিন কমছে। এর কারণ কী বলে মনে করেন?
আমি মনে করি না মঞ্চের দর্শক কমেছে। আসলে মানুষের ৪ ঘণ্টা এক জায়গায় বসে একটি নাটক দেখার সময় এখন নেই। তবে আমার মনে হয় করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মঞ্চের দর্শক বাড়বে।
উন্মুক্ত মাধমে নাটক প্রচার হওয়ায় কাজের পরিধি বেড়েছে। তারপরও এক সময়ের নিয়মিত অভিনেত্রী বন্যা মির্জা অভিনয়ে অনিয়মিত, কেন?
আমি কাজের মাধ্যমটা একটু পরিবর্তন করে চাকরিতে মনোযোগী হয়েছিলাম। সেই সময়েই কিন্তু ওটিটি বা অন্যান্য মাধ্যমে কাজের সুযোগ তৈরি হয়েছে।এখনো যে কাজের সুযোগ নেই বা কাজ করা যাবে না, তা না। কারণ নিয়মিত-অনিয়মিত তো নিজের ওপর নির্ভর করে।
সাম্প্রতিক সময়ে যেমন নাটক নির্মাণ বেড়েছে তেমনি মান নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। এর কারণ হিসেবে কী বলবেন?
আমাদের গল্প লেখা, নির্মাণশৈলী, অভিনয় থেকে শুরু করে সকল জায়গাতেই দক্ষতার অভাব রয়েছে। কাজ না শিখেই কাজে নেমে পড়ার প্রবণতা আমাদের রয়েছে। কারণ আমাদের এখানে তো কাজ শিখে আসারও তেমন ভালো কোনো প্রতিষ্ঠান নেই।
কিন্তু অনেকেই বলছেন, নাটকের বাজেট কমা এবং বাণিজ্যক বা কর্পোরেট জগতের মানুষের হাতে চলে যাওয়ায় মানহীন কাজ বেশি হচ্ছে!
না, আমার সেটা মনে হয় না। আমাদের অভিযোগ করার একটা অভ্যেস আগে থেকেই রয়েছে। আর ব্যবসায়িক উদ্দেশ্য সব জায়গাতেই আছে। মধ্যসত্ত্বভোগীরা সবসময়ই লাভের অঙ্ক হিসেব করেই কাজ করেন। তবে অভিযোগ না করে নিজের কাজটি মনোযোগ দিয়ে করলে ভালো কাজ হতে বাধ্য।
টিভি নাটকের প্রতি দর্শক অনিহা তৈরিতে মানহীন কাজকে দায়ী করা হয়। আপনি কাকে দায়ী করবেন?
টিভির দর্শক কমছে না বা অনিহাও তৈরি হচ্ছে না। আর কমলেও সেটার জন্য শুধু নাটককেই দায়ী করা যাবে না। চ্যানেল কর্তৃপক্ষ কীভাবে নিজেদের চ্যানেলের পরিকল্পনা সাজাবে, কী দেখাবে সেটা তাদের বিষয়। এখানে দর্শকহীনতাকে দায়ী না করে চ্যানেলের উদ্দেশ্যকে দায়ী করা যায় কি-না সেটা ভাবার বিষয়।
ভিউ গুণে স্টার ও নাটকের মান নির্ধারণের যে চর্চার চলছে, সেটাকে কীভাবে দেখছেন?
ভিউ হলেই নাটক ভালো, না হলেই খারাপ, বিষয়টি তেমন না। বলা আর দেখা, দুটি আলাদা বিষয়। আমরা বলছি এক রকম, আর দেখছি আরেকরকম। অনেক নাটকই মস্তিষ্কে প্রভাব ফেলছে না, কিন্তু ভিউ হচ্ছে। ভিউ গুণে স্টার বা নাটকের মান বিচারের আগে দেখতে হবে কারা কাজটি দেখছে বা কাদের জন্য নির্মিত হয়েছে।
অনেক শিল্পী-নির্মাতাই নিজেস্ব ঘরানার বাইরে কাজ করতে চান না। এই চর্চা নতুন তারকা তৈরিতে প্রভাব ফেলছে বলে মনে করছেন না?
নতুন তারকা ধীরে ধীরে তৈরি হবেই। কারণ এটা চলমান একটি ধারা। তবে যে সকল নির্মাতা এ ধরনের কাজ করেন তাদের নিজের সৃষ্টির প্রতি আস্থা কম আছে। তারা ভুলে গেছেন একজন নির্মাতার কাজ শিল্পীর ভেতর থেকে অভিনয়টা বের করা। কিন্তু ভিউয়ের চিন্তায় নিজের দায়িত্ববোধ থেকে তারা সরে যাচ্ছেন। এ কারণে নির্মাতার গুরুত্ব কমে যাচ্ছে।
ওটিটি মাধ্যমটিকে কেউ আশীর্বাদ, আবার কেউ সংস্কৃতি ধ্বংসের কারণ বলছেন। আপনি এই মাধ্যমটিকে কীভাবে দেখছেন?
এই মাধ্যমটি আমাদের জন্য অনেক বেশি সম্ভাবনার। তবে নির্মাণ ভালো না হলে সমালোচনা হবেই। আমি যা দেখাবো সেটাই দর্শক দেখবে, এই ধারা থেকে বের হতে হবে নির্মাতাদের। উপস্থাপন ভালো হলে, গল্পের সঙ্গে দৃশ্যে সামঞ্জস্য থাকলে দর্শক সাদরেই সেটা গ্রহণ করবেন। এ জন্য আমার মন হয় শ্লীল-অশ্লীল নিয়ে কথা না বলে নির্মাণশৈলী নিয়ে সমালোচনা করা উচিত।