চাঁপাইনবাবগঞ্জে লকডাউন তুলে ৭ দিনের বিধিনিষেধ আরোপ

চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউনের মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রশাসন। লকডাউন কিছুটা শিথিল করে সাতদিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। 

জেলা প্রশাসক জানান, করোনা সংক্রমণ রোধে ৮ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ১০টি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধের মধ্যে রয়েছে, সব ধরণের দোকানপাট, শপিংমল স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে ক্রেতা-বিক্রেতাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। মোটরসাইকেল চালক ব্যতীত অন্য কেউ থাকতে পারবে না। সব ধরণের সাপ্তাহিক হাটবাজার এক সপ্তাহ বন্ধ থাকবে। প্রয়োজনীয় বাজার সামগ্রীর দোকানসহ সকল মৌলিক খাদ্যদ্রব্য সামগ্রীর দোকান খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে। 

তবে জনসমাগম হয় এধরণের সামাজিক বিবাহ-অনুষ্ঠান, জন্মদিন-পিকনিক পার্টি বন্ধ থাকবে, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া খাবারের দোকান, হোটেল ও রেস্তোরা সকাল ৬টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত খাদ্য ক্রয় সরবরাহ করতে পারবে। তবে খাবারের দোকানে বসে খাবার খাওয়া যাবেনা। 

এদিকে রিকশায় একজন, অটোরিকশায় দুজন চলাফেরা করতে পারবেন। জেলার মধ্যে গণপরিবহণ অর্ধেক আসন খালি রেখে চলাচল করা যাবে। আন্ত:জেলা পরিবহণ বন্ধ থাকবে। অর্ধেক যাত্রীর মধ্যে কেউ স্বাস্থ্যবিধি না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। 

অন্যদিকে কলকারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। স্বাস্থ্যবিধি মেনে জুম্মার নামাজসহ প্রতি ওয়াক্তে ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়া কৃষি ও নির্মাণ কাজের সঙ্গে জড়িত শ্রমিকরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করতে পারবে। জেলা করোনা প্রতিরোধ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এসআই