যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আমেরিকান আইটি উদ্যোক্তা আজিজ আহমদ এবং তার পরিবারের উদ্যোগ ও অনুদানে একটি স্কুল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আজিজ আহমদের বাবার নাম অনুসারে স্কুলটির নামকরণ করা হবে ‘মুক্তিযোদ্ধা আইউব আহমদ প্রাথমিক বিদ্যালয়।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মাইজপাড়া গ্রামে স্কুলটির ভিত্তি স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মুখ্যসচিব মো. আবদুল করিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাবেক এমপি মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহাব, সাবেক শিক্ষাসচিব ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ কুমার চক্রবর্তী।
আজিজ আহমদ যুক্তরাষ্ট্রভিত্তিক আইটি সফটওয়্যার কোম্পানি ইউটিসি অ্যাসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। তার প্রতিষ্ঠিত কোডার্স ট্রাস্ট বাংলাদেশ দেশে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ ও প্রশিক্ষিত করে তোলার ক্ষেত্রে অন্যতম প্রধান বেসরকারি উদ্যোগ। আজিজ আহমদ বলেন, আমার বাবা ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মহান স্বাধীনতা যুদ্ধে ছিলো তার গুরুত্বপূর্ণ অবদান। তবে স্বাধীনতার পরপরই অল্পবয়সে তার মৃত্যু হয়। দেশের শিক্ষার প্রসারে বাবা যে উদ্যোগ নিয়েছিলেন, অকাল প্রয়ানে তা সম্ভব হয়নি। তাই আমাদের সকল ভাইবোন, পরিবারের অন্য সদস্য ও মুরুব্বিদের চাওয়া এখানে আমার বাবা মো. আইউব আহমদের নামে একটি স্কুল হোক।
ইত্তেফাক/এসআই