সাধারণ যানবাহনে ইমার্জেন্সি হর্ন!

আমরা জানি স্বাভাবিকভাবে ইমার্জেন্সি হর্ন ব্যবহার করা হয় ইমার্জেন্সি যানবাহনে, যেমন রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশ, সরকারি বিশেষ যান ইত্যাদি। কিন্তু বর্তমান সময়ে এই ইমার্জেন্সি হর্নের অপব্যবহার লক্ষণীয়। হঠাত্ করেই ইমার্জেন্সি হর্ন বেজে ওঠে, কিন্তু পরক্ষণে দেখা যায় রাস্তায় আদৌ কোনো ইমার্জেন্সি গাড়ি নেই, সাধারণ কোনো গাড়ি থেকেই এই হর্ন দেওয়া হয়েছে। বিশেষ করে মোটরবাইক কিংবা ব্যক্তিগত গাড়িতে এর অপব্যবহার বেশি হচ্ছে। ইমার্জেন্সি হর্ন শুধু ইমার্জেন্সি যানবাহনে ব্যবহারের আইনগত অনুমতি দেওয়া আছে। সাধারণ যানবাহনে এই হর্ন ব্যবহারের ফলে অনেক অসুবিধার সৃষ্টি হয়। অনেক সময় ইমার্জেন্সি হর্ন বাজিয়ে আসা গাড়িটিকে সাইড দিতে গিয়ে দেখা যায় ঐ গাড়ির থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ কোনো গাড়ি পেছনে আটকা পড়েছে। যত্রতত্র ইমার্জেন্সি হর্ন পথচারী এবং চালকদের জন্য চরম বিভ্রান্তিকর। পরিশেষে, ইমার্জেন্সি হর্ন সাধারণ যানবাহনে যেন না ব্যবহার করা হয় সেটি নিশ্চিত করা জরুরি। প্রতিটি সেক্টরে নিয়মনীতি সুন্দরভাবে পালিত হলে দেশ সুন্দর হবে।

মো. ওমর ফারুক

শিক্ষার্থী,  ঢাকা কলেজ