স্বাধিকার সংগ্রামের মাইলফলক ৭ জুন

যথাযোগ্য মর্যাদায় ৬ দফা দিবস পালন

বিশেষ প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয় গতকাল সোমবার ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, ই-পোস্টার প্রকাশসহ নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ। বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, আমাদের মহান স্বাধীনতার পথে, স্বাধিকার সংগ্রামের বাঁক পরিবর্তনকারী ঐতিহাসিক মাইলফলক ৭ জুন। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, ঢাকা কলেজ ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

এদিকে ঐতিহাসিক ৬ দফা উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইতিহাসবিদ অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, বঙ্গবন্ধু ঐতিহাসিক ৬ দফার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতার রোডম্যাপ ঘোষণা করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ৭ জুন বাঙালির স্বাধীনতা, স্বাধিকার ও মুক্তি সংগ্রামের ইতিহাসের অন্যতম মাইলফলক।

আলোচনাসভা শেষে জাতির পিতা স্বাস্থ্য ভাবনা ও বর্তমান সরকারের স্বাস্থ্য উন্নয়ন ও সেবাসম্পর্কিত কার্যক্রম, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস ও অগ্রগতি, চক্ষু রোগ সমূহের চিকিত্সা ও প্রতিরোধ, করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন সচেতনামূলক প্রবন্ধ-নিবন্ধ নিয়ে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের ‘নির্বাচিত কলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।