যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসার সাক্ষাত্কার চলমান রাখার দাবি

ইত্তেফাক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসার সাক্ষাত্কার কার্যক্রম বাতিল না করে চলমান রাখার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন ইউএসএ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফ্রম বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন প্রতিষ্ঠানের পক্ষে ফাইজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন মো. খাইরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, সুমাইয়া ইসলাম, মো. রফিকুল ইসলাম বাদল, মো. কামরুল ইসলাম বাবু, মো. শোয়েব আহমেদ, মো. আফজাল হোসেন, মো. জসিম উদ্দিন, মো. মাহমুদুল হাসান, মো. মোফাজ্জল হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিক বাবা, মা, স্বামী-স্ত্রী ও ভাইবোন ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে বসবাসরত হাজার হাজার ব্যক্তির জন্য আবেদন করেছেন। অনেকের দীর্ঘ ১৫-১৬ বছর অপেক্ষার পর গত বছর মার্চ মাসে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস সাক্ষাতের জন্য তারিখ নির্ধারণ হয়েছিল। কিন্তু গত বছর মার্চ মাসে করোনার মহামারিতে বাংলাদেশে লকডাউনের জন্য হাজার হাজার মানুষের ঐ সাক্ষাত্কার বাতিল হয়ে যায়। প্রায় ৯ মাস প্রতীক্ষার পর আবার এই বছর থেকে সাক্ষাত্কার শুরু হয়। কিন্তু করোনা প্রতিরোধে কঠোর বিধিনিষেধের কারণে ৫ এপ্রিল থেকে সব প্রকার পূর্বনির্ধারিত সাক্ষাত্কার বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।