ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, খাদ্যসহায়তা নিশ্চিত করে সীমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউন দিতে হবে। কারণ, ক্ষুধার্ত মানুষকে খাদ্য না দিয়ে কখনোই আটকে রাখা যাবে না। পাশাপাশি জেলা পর্যায়ে দ্রুততার সঙ্গে চিকিত্সাসেবা উন্নত করতে হবে। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে অক্সিজেনসহায়তা প্রস্তুত রাখতে হবে। এক বিবৃতিতে তিনি এসব পরামর্শ দেন।
জি এম কাদের বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে যেভাবে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত আশঙ্কাজনক। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আবার সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে প্রতি রাতেই ভারত থেকে অসংখ্য মানুষ প্রবেশ করছে বাংলাদেশে। তাই সীমান্তবর্তী জেলাগুলোতে আরো কঠোর লকডাউন প্রয়োজন। বিবৃতিতে তিনি আরো বলেন, প্রয়োজনে সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা যেতে পারে। ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবিলায় শিথিলতা দেখালে চরম খেসারত দিতে হবে।