বরিশালে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

বরিশাল অফিস

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী-১ বরিশাল রুপাতলীর পাওয়ার হাউজে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যুর ঘটনায় রবিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ঘটনার সময় পাওয়ার হাউজে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওজোপাডিকো কেন্দ্রীয় দপ্তরের প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোমিনুল হক ও নির্বাহী প্রকৌশলী দেবাশীষ পালকে কমিটির সদস্য করা হয়েছে। তদন্ত কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওজোপাডিকো-১ এর দায়িত্বশীল কর্মকর্তারা।

কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে সোমবার পরিবারের কাছে লাইনম্যান ফয়সালের লাশ হস্তান্তর করা হয়।  উল্লেখ্য, পাওয়ার হাউজ চত্বরে মই বেয়ে খুঁটিতে উঠে কাজ করছিলেন লাইনম্যান ফয়সাল (২৮)। মেরামত শেষ না হতেই বিদ্যুতের লাইনে সংযোগ দেন এক সহকর্মী। এতে ফয়সাল বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান।