তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
রাস্তার সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ, রোডম্যাপ ও পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে সামাজিক দূরত্ব বজায় রেখে তালায় মানববন্ধন হয়েছে। গতকাল সোমাবার সকালে তালা প্রেসক্লাবের সামনে উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে এই মানববন্ধন হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে নাগরিক কমিটি। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক সরদার রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে তালা প্রেসক্লাব মোড় থেকে তালা বাজার মডেল (খাজরা) সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে তালা থানা এবং কপোতাক্ষ নদ পর্যন্ত ১ হাজার ১০৫ মিটার লম্বা ড্রেন নির্মাণ করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, সীমানা নির্ধারণ ও রাস্তার জায়গা সার্ভে না করেই রাস্তার পিচ ও ইটের হেজিং নষ্ট করে নির্মাণ হচ্ছে এই ড্রেন। আর রাস্তার দুই পাশের সরকারি সম্পত্তি প্রভাবশালীরা ভবন, সীমানাপ্রাচীর নির্মাণ করে দখল করে আছেন। সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাস্তার সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ, রোডম্যাপ ও পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবি জানান তারা।