রপ্তানি নীতিসহায়তার সময়সীমা বাড়ল

ইত্তেফাক রিপোর্ট

করোনা মহামারি পরিস্থিতির কারণে রপ্তানি খাতে নীতিসহায়তার সময়সীমা আরো ছয় মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নীতিসহায়তা পাবেন রপ্তানিকারকরা। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বলবত্কৃত রপ্তানি বাণিজ্যিক লেনদেন বিষয়ক নীতিসহায়তার সময়সীমা ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নীতিসহায়তার অংশ হিসেবে রপ্তানি মূল্য প্রত্যাবাসন সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়েছে। প্রযোজ্য সুদ হারে ব্যাক টু ব্যাক ঋণপত্রের সময়সীমা অতিরিক্ত ১৮০ দিন বাড়াতে পারবে। রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) এর ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া সাপ­ায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় স্থাপিত ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের নিমিত্তে ইডিএফ থেকে ১৮০ দিন সময়ের জন্য অর্থায়ন সুবিধা গ্রহণ করা যাবে মর্মে সার্কুলারে বলা হয়েছে। পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে বিজিএমইএ ও বিটিএমএ এর সদস্য মিলের জন্য ইডিএফ ঋণ সীমা ৩০ মিলিয়ন মার্কিন ডলার থাকছে। বৈদেশিক মুদ্রায় স্থানীয় সরবরাহ বিল ব্যাংকের নস্ট্রো হিসাবের (বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেনের জন্য বৈদেশিক মুদ্রার হিসাব) মাধ্যমে পরিশোধ ব্যবস্থাও একই সময়ের জন্য বলবত্ থাকবে।