বাংলাদেশ নৌবাহিনীর এ/২০২১ ব্যাচের ৪৮৬ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ গতকাল সোমবার খুলনা নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। পরে তিনি কৃতী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নৌবাহিনীর এ/২০২১ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. ইউশা হূদয় পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করে। এছাড়া মো. রনি সরকার দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’, রিয়াজ উদ্দিন হূদয় তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করে।
নৌপ্রধান নবীন নাবিকদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও পৃষ্ঠপোষকতায় এরই মধ্যে নৌবাহিনী একটি ত্রিমাত্রিক ও যুগোপযোগী নৌবাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত। নৌবাহিনীর এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চ মনোবল ও সাহস নিয়ে নবীন নাবিকদের একযোগে দেশের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি। তিনি তার বক্তব্যে নৌঘাঁটি তিতুমীরে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যত্ কর্মজীবনে এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পেশা হিসেবে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেওয়ায় নবীন নাবিকদের আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে তাদের মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন।
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির কারণে কুচকাওয়াজ অনুষ্ঠানে খুলনা নৌঅঞ্চলের সীমিতসংখ্যক নৌকর্মকর্তা এবং বিভিন্ন পদবীর নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। —আইএসপিআর