গাজীপুর ও ভেদরগঞ্জে পানিতে ডুবে চার ভাইবোনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ফাওকাল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে ঐ এলাকার নূরুল ইসলামের ছেলে ফয়সাল (৫) ও তার মেয়ে সুমাইয়া (৮)। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, দুপুর দেড়টার দিকে ঐ এলাকার জনৈক চৌধুরীর পুকুরপাড়ে চার শিশু খেলাধুলা করছিল। অসাবধানতাবশত শিশু ফয়সাল, সুমাইয়া ও তোয়া পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় পুকুরপাড়ে থাকা অপর শিশু মাইশা চিত্কার করলে আশপাশের লোকজন ছুটে এসে ডুবে যাওয়া তিন শিশুকে উদ্ধার করে। এদের মধ্যে ঐ এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে তোয়াকে (৭) জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ফয়সাল ও তার বোন সুমাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।  

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা জানান, ভেদরগঞ্জে পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সখিপুর থানার উত্তর তারাবুনিয়ার বন্দুকশিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।  মারা যাওয়া শিশুরা হলো—ঐ গ্রামের কুদ্দুস আলী বেপারীর মেয়ে লামিয়া (৬) ও ছেলে মাসুদ (৬)। জানা যায়, বাড়ির উঠানে খেলা করছিল লামিয়া ও মাসুদ। হঠাত্ তাদের পুকুরে তাদের ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিত্সক বেনজীর আহমেদ তাদের মৃত ঘোষণা করেন।