ঢাকা প্রিমিয়ার লিগ
স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জমজমাট লড়াইয়ের দিন কেটেছে গতকাল। চতুর্থ রাউন্ডের দিনটা অবশ্য সুখকর কাটেনি শক্তিশালী আবাহনী-মোহামেডানের জন্য। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের একই পরিণতি হয়েছে। টানা তিন জয়ের পর প্রথম হারের তিক্ততা সঙ্গী হয়েছে তাদের। গতকাল সকালে বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৮ রানে আবাহনীকে হারিয়ে চমক দেখিয়েছে। বিকালে মিরপুর স্টেডিয়ামে মোহামেডান ১৬ রানে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে।
বিকেএসপিতে ইমতিয়াজ হোসেন তান্নার হাফ সেঞ্চুরিতে খেলাঘর ৬ উইকেটে ১৬৪ রান করে। তান্না ৪৬ বলে ৬৬ রান করেন। মিরাজ ৩৩, রাফসান ১৮ রান করেন। রান তাড়া করতে নেমে ১২ রানে ২ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি আবাহনী। ৫ উইকেটে ১৫৬ রান তুলতে সমর্থ হয় মুশফিক বাহিনী। মুশফিক ৮, নাঈম শেখ ৪৯, শান্ত ৪৯ রান করেন। তান্না ম্যাচ সেরা হন।
মিরপুর স্টেডিয়ামে নুরুল হাসান সোহানের বিধ্বংসী ব্যাটিংয়ের ও অফ স্পিনার এনামুলের ঘূর্ণিতে পথ হারিয়েছে মোহামেডান। আগে ব্যাট করে শেখ জামাল ৫ উইকেটে ১৬১ রানের পুঁজি গড়ে। অধিনায়ক সোহান ৩৪ বলে অপরাজিত ৬৬ রানের (৪ চার, ৫ ছয়) বিস্ফোরক ইনিংস খেলেন। জিয়াউর ১৭ বলে অপরাজিত ৩৫ রান করেন। সাকিব ১২ রানে নেন ২ উইকেট। জবাবে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে মোহামেডান। এনামুলের বলে বোল্ড হয়ে ফিরেন পারভেজ ইমন (০), সাকিব (২), ইরফান শুক্কুর (০)। সেই চাপ উতরে ৮ উইকেটে ১৪৫ রান করতে সমর্থ হয় মোহামেডান। নাদিফ চৌধুরী ৫৭, শামসুর ২৯ রান করেন। সোহান ম্যাচ সেরা হন।
দিনের অপর ম্যাচগুলোতে প্রাইম দোলেশ্বর, ব্রাদার্স ইউনিয়ন, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক জয় পেয়েছে। মিরপুরে প্রাইম দোলেশ্বর ৪ উইকেটে হারিয়েছে শাইনপুকুরকে। মাইশুকুর রহমানের হাফ সেঞ্চুরিতে (অপরাজিত ৬৮) ব্রাদার্স ২ রানে জয় পায় ওল্ডডিওএইচএসের বিপক্ষে। সৌম্য সরকারের হাফ সেঞ্চুরিতে লেজেন্ডস অব রুপগঞ্জের বিরুদ্ধে ৭ উইকেটের জয় পেয়েছে গাজী। পারটেক্সকে ৭২ রানে পরাজিত করেছে প্রাইম ব্যাংক। লিগের চার রাউন্ড শেষে তিন জয় ও একটি টাই ম্যাচের ১ পয়েন্টসহ সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন প্রাইম দোলেশ্বর।