ভূমিকম্প আতঙ্কের মধ্যে ৯ দিনের মাথায় সিলেটে আবারও দুই দফা ভূমিকম্প হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে প্রথম বার, এর এক মিনিট পর ৬টা ২৯ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে গত ২৯ মে পরপর চার বার, ৩০ মে এক বার ও ৭ জুন সন্ধ্যায় পরপর দুই বারসহ মোট সাত দফা ভূমিকম্প সিলেটের বাসিন্দাদের ভাবনায় ফেলেছিল।
এদিকে ভূমিকম্পে নগরের জিন্দাবাজার এলাকার মিলেনিয়াম শপিং সিটি হেলে পড়ার খবর ছড়িয়ে পড়লে মার্কেটের ব্যবসায়ী, ক্রেতা ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ভূমিকম্পের পর উত্সুক জনতা ঐ মার্কেটের সামনে ভিড় করেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, মার্কেট হেলে পড়ার খবর সত্য নয়। গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।
গতকাল প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল ভারতের শিলংয়ে। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়াবিদ মুমিনুল ইসলামের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, সোমবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮। এর উত্পত্তি ছিল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দূরে সিলেটে।
সিলেট আবহাওয়া অফিস সূত্রমতে, এর আগে গত ২৯ মে চার দফা সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। তবে স্থানীয়রা বলছেন ঐ দিন পাঁচ-সাত বার ভূমিকম্প টের পান তারা। তবে সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেছেন, দুই মাত্রার কম ভূমিকম্প হলে তারা এটি রেকর্ডে আনেন না।