ঢাকার চেয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা বেশি

দেশে গত এক দিনে আরো ১ হাজার ৯৭০ জনের মধ্যে করোনা ভাইরাসে সংক্রমণ ধরা পড়েছে, আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরো ৩০ জনের। ঢাকার চেয়ে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা বেশি। মৃতদের মধ্যে সাত জন ঢাকা বিভাগের, ১১ জন চট্টগ্রাম বিভাগের, দুই জন রাজশাহী বিভাগের, তিন জন খুলনা বিভাগের, চার জন সিলেট বিভাগের, এক জন রংপুর বিভাগের এবং দুই জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন হয়েছে। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৮৬৯ জন। রবিবার ১ হাজার ৬৭৬ রোগী শনাক্ত এবং ৩৮ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৯১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার    ২৪০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫১০টি ল্যাবে ১৭ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৬৭ হাজার ৪২টি নমুনা। সোমবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ১৯ জন পুরুষ, আর নারী ১১ জন। তাদের ১৭ জন সরকারি হাসপাতালে, ১০ জন বেসরকারি হাসপাতালে এবং তিন জন বাড়িতে মারা যান। তাদের মধ্যে ২২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, দুই জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এ পর্যন্ত মৃত ১২ হাজার ৮৬৯ জনের মধ্যে ৯ হাজার ২৭৫ জন পুরুষ এবং ৩ হাজার ৫৯৪ জন নারী।