সময় হলেই সরকার হটাতে আন্দোলনের ডাক দেবে বিএনপি :মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময়মতো আন্দোলন-গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার হটানো হবে উল্লেখ করে বলেছেন, অনেকে বলেন, বিএনপি আন্দোলনের ডাক দিচ্ছে না কেন? বিএনপির সময় হলে আন্দোলন করবে। এখনো আন্দোলনের ডাক দেওয়ার সময় আসেনি। বিএনপি তখনই ডাক দেবে, যখন বিএনপি মনে করবে যে ডাক দেওয়ার সময় হয়েছে। ছাত্র-যুবকরা মাঠে না নামলে সফলতা কঠিন। ছাত্র-শ্রমিক-যুবক-তরুণদের সংগঠিত করে তাদের নেতৃত্বে রাজপথে গণ-অভ্যুত্থান হবে। খালেদা জিয়া আমাদের আন্দোলনের প্রাণশক্তি। আমাদেরকে তার মুক্তির জন্য সংগ্রাম গড়ে তুলতে হবে, তাকে মুক্ত করতে হবে।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। ড্যাব সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির আমানউল্লাহ আমান, শামীমুর রহমান শামীম, ড্যাবের মহাসচিব আব্দুস সালাম, নেতা শহীদ হাসান, মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

ফখরুল বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং তাদেরকে যেতে হবে। এরপর একটি নিরপেক্ষ সরকার ও একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে। এই কাজটি আমাদেরকে করতে হবে। আমেরিকা, চীন ও ভারত অথবা অন্য কেউ তা করে দিয়ে যাবে না।