বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৬ জন গ্রেফতার

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় বিভিন্ন দেশের ১৫৬ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও মিয়ানমারের নাগরিকরা রয়েছেন। মালয়েশিয়ার দ্য স্টার পত্রিকার অনলাইনে এই তথ্য জানানো হয়। এদিকে বিভিন্ন মিডিয়া থেকে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬২ বাংলাদেশি। তবে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে কোন দেশের কত নাগরিক তা জানায়নি। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি বলেন, রবিবার রাত ১১টায় সাইবার জায়া এলাকার একটি নির্মাণ স্থাপনা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ অভিযানে প্রায় ২০২ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের বৈধ ওয়ার্ক পারমিট থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫৬ জনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোর স্ক্রিনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। দেশটির অভিবাসন বিভাগ সূত্র জানায়, রয়েল মালয়েশিয়ার পুলিশ (পিডিআরএম), জাতীয় নিবন্ধনকরণ বিভাগ (জেপিএন), শ্রম বিভাগ (জেটিকে) এবং জন প্রতিরক্ষা বাহিনী (এপিএম) গ্রেফতার অভিযানে অংশ নেয়।