স্পোর্টস রিপোর্টার
গত জানুয়ারি থেকে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার দিয়ে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মে মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহিম। সেরার লড়াইয়ে তার সঙ্গে রয়েছেন পাকিস্তানের হাসান আলী ও প্রাভিন জয়াবিক্রমা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মে মাসের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি।
গত মাসে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। যেখানে বড় অবদান আছে মুশফিকের। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে সিরিজ-সেরা হয়েছিলেন এ অভিজ্ঞ ব্যাটসম্যান। সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই ছিলেন ম্যাচ-সেরা। প্রথম ম্যাচে ৮৪, দ্বিতীয় ম্যাচে ১২৫, তৃতীয় ম্যাচে ২৮ রান করেন তিনি। তিন ম্যাচে ২৩৭ রান তুলেই আরেকটি অর্জনের সামনে এখন মুশফিক।
সেরা ক্রিকেটার নির্বাচনে আইসিসির ভোটিং একাডেমির ভোট ৯০ শতাংশ, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট ১০ শতাংশ বিবেচনা করা হয়। প্রতি মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীর নাম ঘোষণা করে আইসিসি। সেদিক থেকে আগামী ১৪ মে আসতে পারে এ স্বীকৃতির ঘোষণা।
জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজে দুই ম্যাচে ১৪ উইকেট নিয়ে পাকিস্তানের পেসার হাসান আলী জায়গা পান সংক্ষিপ্ত তালিকায়। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার জয়াবিক্রমা অবশ্য এক টেস্ট খেলেই এ তালিকায় এসেছেন। বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই পাল্লেকেলেতে দুই ইনিংসে ১১ উইকেট নেন এ তরুণ।
এর আগে বছরের শুরুর তিন মাসে এ পুরস্কার পেয়েছিলেন তিন ভারতীয় ক্রিকেটার। জানুয়ারিতে রিশাভ পান্ত, ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিন, মার্চে ভুবনেশ্বর কুমার সেরার স্বীকৃতি পান। এপ্রিলে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের হাতে ওঠে এ পুরস্কার। এছাড়া নারী ক্রিকেটে মে মাসের সেরার লড়াইয়ে আছেন আয়ারল্যান্ডের লিয়া পল, গ্যাবি লুইস ও স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস।