পঁচিশোর্ধ্ব সবাইকে ভ্যাকসিন দেবে ব্রিটেন

যুক্তরাজ্যে ২৫ বছরের বেশি বয়সি সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির ভ্যাকসিন কর্মসূচির আওতায় ২৫ বছর বা তার বেশি বয়সি সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। তিনি একে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন।—বিবিসি

২৫ বছর বা তার বেশি বয়সি যে কেউ মঙ্গলবার থেকেই ভ্যাকসিন নিতে পারবেন বলে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে। আগামী কয়েক দিনে আরো বেশি মানুষকে ভ্যাকসিন কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এই তালিকায় যুক্তরাজ্যের অবস্থান ৭ম। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ২২ হাজার ৪৭৬। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৭ হাজার ৮৪১ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪২ লাখ ৭৭ হাজার ৯৮ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৫৩৭। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৩৪ জন। স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক জানিয়েছে, ভ্যাকসিন গ্রহণের কারণে অনেক মৃত্যু ঠেকানো গেছে। এছাড়া বহু মানুষকে হাসপাতালেও যেতে হচ্ছে না। দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার ৩৮৬ জনের দেহে করোনার ডেলটা ধরন (বি১.৬১৭.২) শনাক্ত হয়েছে।