রংপুর বিভাগে করোনায় আরো তিন জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর বিভাগে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৯৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে সাত জেলায় ১১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে ঠাকুরগাঁয়ে একজন, নীলফামারীতে একজন এবং কুড়িগ্রাম জেলায় একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৭ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৩৬ হাজার ৬০ জনের পরীক্ষা করে মোট ১৯ হাজার ৫৯২ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৪১৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।                   

নওগাঁয় আরো তিন জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে তিন জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ৩৬ জন। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় এই মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের মধ্যে মান্দায় এক জন, পত্নীতলায় এক জন এবং ধামইরহাটে একজন রয়েছেন।  নওগাঁ সিভিল সার্জন ও সদর হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. এ বি এম আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের

হার বেড়ে ২৯ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে লকডাউন না বাড়িয়ে জেলা প্রশাসন কঠোর বিধিনিষেধ আরোপ করলেও তা মানছে না মানুষ। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাচল করছে অবাধে। সোমবার শনাক্তের হার অস্বাভাবিক হারে কমে ১৯ দশমিক ১৩ শতাংশে নেমে আসলেও একদিনের ব্যবধানে মঙ্গলবার আবারও ১০ শতাংশ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৬৪৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৮৯ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ২১। যদিও পিসিআর ল্যাবে শনাক্তে হার ৫৯ শতাংশ। আর র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে এ হার মাত্র ১৮ শতাংশ।