মতলব উত্তরে হাসপাতাল সিলগালা

মালিকের কারাদণ্ড

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজারস্থ সুরুজ প্লাজায় ছেঙ্গারচর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স সিলগালা ও মালিক কুলসুমা আক্তার সুমনাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা। তার সঙ্গে ছিলেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন। গাইনি সার্জন চিকিত্সক ছাড়াই সিজারিয়ান অপারেশন চালানোর অভিযোগে ছেঙ্গারচর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগস্টিক কমপ্লেক্সের মালিককে কারাদণ্ড ও হাসপাতালটি সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, ছেঙ্গারচর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগস্টিক কমপ্লেক্স হাসপাতালটির লাইসেন্স নেই এবং ভুয়া ডাক্তার দিয়ে হাসপাতাল পরিচালনা করার অপরাধে মালিক সুমনা আক্তারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেওয়া হয়েছে।