বরিশালে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
বরিশাল অফিস বরিশালে মঙ্গলবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত ‘উচ্চ ফলনশীল আমন ধানের জাত পরিচিতি, ফসলের উত্পাদন বৃদ্ধি এবং বীজ সংরক্ষণ পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপী কৃৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলার বাবুগঞ্জের রহমতপুর বিনা উপকেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিনা উপকেন্দ্র ও আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। ভার্চুয়ালি প্রশিক্ষণ উদ্বোধন করেন বিনা ময়মনসিংহ কেন্দ্রের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জেল ইসলাম।
দলিল লেখক সমিতির সভা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাস উপজেলা দলিল লেখক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা ও মিলাদ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দলিল লেখক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন কবীর কাজল, সাধারণ সম্পাদক শের-ই আলম, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান, সহসভাপতি মো. খোরশেদুর রহমান বকুল প্রমুখ।
করোনার র্যাপিড টেস্ট শুরু
তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোর পৌর শহরের গোল্লাপাড়া বাজারে মঙ্গলবার পথচারীদের মধ্যে করোনার র্যাপিড টেস্ট শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা নমুনা সংগ্রহ করেন। এ সময় পথচারী ও দোকানিদের মধ্যে মাস্ক বিতরণ এবং করোনা টেস্টে উদ্বুদ্ধ করা হয়। তানোরে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা সংগ্রহের এমন উদ্যোগে নিয়েছে বলে ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানিয়েছেন।
শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা লোহাগড়ার ইতনা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সঙ্গে মঙ্গলবার শিক্ষার গুণমান উন্নয়নে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে কলেজের হল রুমে এ মতবিনিময় সভা হয়। সভায় কলেজ গভর্নিংবডির সভাপতি উজ্জ্বল কুমার গাঙ্গুলী সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার।
সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা কিশোরগঞ্জের রণচন্ডি ইউপি অফিস থেকে বাবুরবাজার পর্যন্ত এক কিলোমিটার সড়কের নির্মাণকাজ মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল ইসলাম স্বপন প্রমুখ।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা ধোবাউড়ায় মঙ্গলবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়নসহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় মঙ্গলবার সকালে ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।