ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বস্তিগুলোতে প্রয়োজনীয় সংখ্যক ফায়ার হাইড্রেন্ট (পানি সংরক্ষণাগারের সঙ্গে সংযুক্ত বিশেষ পানিকল) স্থাপন করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। গতকাল মহাখালীর আইপিএইস স্কুল অ্যান্ড কলেজে সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সাধারণত সড়কের পাশে থাকা এই ফায়ার হাইড্রেন্টগুলো থেকে নলযুক্ত করে আগুন নেভানোর কাজ করা যায়। রাজধানীর বস্তিগুলোতে ঘনঘন অগ্নিকাণ্ড মোকাবিলায় এ ব্যবস্থার কথা জানিয়ে মেয়র বলেন, ‘বস্তিগুলোতে আমি ফায়ার হাইড্রেন্ট করে দেব। এ জন্য আমি একটা বাজেট রেখেছি। আমরা প্রত্যেকটি বস্তির বিভিন্ন অংশে রাস্তায় এটা বসিয়ে দেব।’
এই হাইড্রেন্ট ব্যবহারের বিষয়ে বস্তির বাসিন্দাদের প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আগুন লাগলে ফায়ার সার্ভিস আসতে কিছুটা সময় লাগে। তাদের যদি (বস্তিবাসী) প্রশিক্ষণ দেওয়া হয়, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বস্তিবাসী যদি দায়িত্ব নেয়, তাহলে ফায়ার হাইড্রেন্ট দিয়েই আগুন নেভাতে পারবে। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে। এর আগে সোমবার ভোরে অগ্নিকাণ্ডে সাততলা বস্তির বহু ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে গিয়ে মেয়র আতিকুল ইসলাম প্রত্যেক পরিবারের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঁচ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেন।